দোহাজারী হাসপাতালের স্টাফ কোয়ার্টারে গৃহপরিচারিকার লাশ

আপডেট : ১৩ জুন ২০২১, ০৮:৫০ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে সুমি নামে ১৩ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুন) সাকল ১০টার দিকে লাশটি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী প্রভা দেবীর রান্নাঘর থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, ২০১৭ সালে হাসপাতাল কম্পাউন্ডে সুমিকে কুড়িয়ে পান হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী প্রভা দেবী। সেই থেকে ওই কিশোরীকে গৃহপরিচারিকা হিসেবে লালন-পালন করে আসছিলেন তিনি। ওই গৃহপরিচারিকা ছাড়াও স্টাফ কোয়ার্টারে নার্স প্রভা দেবীর স্বামী দয়াল রক্ষিত (৬০) ও সুকান্ত রক্ষিত নামে ২৫ বছর বয়সী তার ছেলে থাকে।

সুখী প্রভা দেবী জানান, ভোরে ওঠার আগে সুমি ঘর ঝাড়ু দেয়। হাঁসমুরগিকে খাবার দিয়ে রান্নাঘরে যায়। পরে তারা ঘুম থেকে উঠে রান্না ঘরের দরজা ভেতর দিয়ে বন্ধ দেখতে পান। দরজা ভেঙে তারা ভেতরে ঢোকেন। সেখানে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে ঘটনাটি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বকে জানান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির উপস্থিত সাংবাদিকদের জানান, বাহ্যিকভাবে আমাদের মনে হচ্ছে এটি আত্মহত্যা। তারপরও কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত