অলিম্পিক কোটা পেতে ফ্রান্সের পথে আর্চারি দল

আপডেট : ১৭ জুন ২০২১, ১২:১১ এএম

টোকিও অলিম্পিকের বাকি আছে আর এক মাসের কিছু বেশি। বৈশ্বিক এই ক্রীড়া আসরে সরাসরি খেলার স্বপ্ন নিয়ে গত মধ্যরাতে প্যারিসগামী বিমান ধরার কথা ছিল ৮ আর্চারের। ফ্রান্সে আগামীকাল থেকে শুরু হচ্ছে অলিম্পিক বাছাই ও আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-থ্রি। চলবে ২৮ জুন পর্যন্ত। এই দুই আসরে বাংলাদেশসহ বিশ্বের ৬৯টি দেশের ২৫৫ জন তীরন্দাজ অংশ নেবেন। এর মধ্যে তীরন্দাজদের কয়েকজন শুধুমাত্র শ্রেষ্ঠত্ব পাওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে। অন্যদের চোখ মূলত অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার দিকে। এই দ্বিতীয় অংশে আছেন বাংলাদেশের তীরন্দাজরা।

বাংলাদেশের হয়ে পুরুষ এককে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন রোমান সানা। তার নেতৃত্বেই পুরুষ রিকার্ভ দলটি বাছাইয়ে অংশ নেবে। এখন পর্যন্ত পুরুষ দলগতে কোটা পায়নি এমন দেশের সংখ্যা ৩৯টি। এই দলগুলোর মধ্যে থেকে সেরা তিনটি দেশ পাবে অলিম্পিকে সরাসরি খেলার টিকিট। নারী দলগত কোটার জন্য লড়বে বাংলাদেশসহ ২৮টি দেশ। এখানেও সেরা তিন দেশের ভাগ্যে জুটবে অলিম্পিকের টিকিট। পুরুষ ও নারী দলগত ইভেন্টে সেরা তিনে থাকতে পারলে স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের আর্চাররা একক ইভেন্টে খেলার সুযোগ পাবেন।

পুরুষ দলগত ইভেন্টে রাশিয়া, আমেরিকা, জার্মানি, ইরান, ইতালি, স্পেন, স্বাগতিক ফ্রান্স, মালয়েশিয়ার মতো দেশগুলো এখন পর্যন্ত সরাসরি খেলার সুযোগ পায়নি। এ দেশগুলোর সঙ্গে লড়াই করে সেরা তিনে জায়গা করে নিতে হবে বাংলাদেশের চার আর্চারথ রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফকে। নারী দলগত ইভেন্টেও বাংলাদেশের চার তীরন্দাজ দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহনাজ আক্তার মনিরা ও নাসরিন আক্তারকে লড়তে হবে শক্তিশালী সব দেশের বিপক্ষে।

আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ কঠিন এক চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্যেই শিষ্যদের এতদিন ধরে প্রস্তুত করেছেন, ‘অনেক বড় বড় দেশ এখনো কোটা পাওয়ার অপেক্ষায় আছে। তাই কাজটা মোটেই সহজ নয় আমাদের জন্য। তারপরও আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে কোটা অর্জনের।’ আর্চারি ফেডারেশনের ডেভেলপমেন্ট পার্টনার সিটি গ্রুপ ‘তীর : গোল ফর গোল্ড’ কর্মসূচির আওতায় ফ্রান্স সফরের সব খরচ নির্বাহ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত