মাধবদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

আপডেট : ১৭ জুন ২০২১, ০৫:৫০ পিএম

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাধবদী পৌরসভার সাবেক কমিশনারসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতাবস্থায় পৌরসভার সাবেক কমিশনার জাকারিয়াকে ঢাকায় নেয়া হয়েছে। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাধবদী পৌরসভার সামনে এঘটনা ঘটে। 

সংঘর্ষে গুলিবিদ্ধ হন, মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া (৩৯) ও মাধবদীর নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আবুল কালাম (৩০)।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, দলের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে বুধবার বিকেলে মাধবদী শহরের রমনি কমিউনিটি সেন্টারে নবগঠিত থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সেখানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও পুলিশ জানায়, বুধবার বিকেলে মাধবদীর রমনি কমিউনিটি সেন্টারে মাধবদী থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মিটিং চলাকালে মাধবদী পৌরসভার মেয়র হাজ্বী মোশারফ হোসেন প্রধান মানিক সেখানে উপস্থিত হন। ওই সভায় মেয়রকে কেন দাওয়াত দেওয়া হয়নি তা নিয়ে উপস্থিত নেতাদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে সেখান থেকে মেয়র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। চলে যাওয়ার সময় ছাত্রলীগের সভাপতি মাসুদ মেয়র সমর্থকদের কটূক্তি করেন। এ নিয়ে দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। 

তারা জানায়, এরপর পৌরসভার সাবেক কমিশনার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, তার ভাই পৌরসভার সাবেক কমিশনার, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া, তাদের সমর্থকরা মিছিল বের করে। মিছিলটি পৌরসভা সংলগ্ন রাঁধুনী রেস্টুরেন্টের সামনে আসলে দুপক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এতে মো. জাকারিয়া ও আবলু কালাম নামে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করলে মুহূর্তের মধ্যেই ভূঁইয়া প্লাজা, ইসলাম প্লাজা, পৌরসভা মার্কেট ও স্কুল মার্কেট বন্ধ হয়ে যায়

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাসিম আল ইসলাম বলেন, আহত দুজনের একজনের ডান পায়ে ও অপরজনের বাম পায়ে ক্ষত দেখা গেছে। গুলিবিদ্ধ কী না পরীক্ষার পর বলা যাবে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, মিটিংয়ে এ দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে পৌরসভার মেয়রের সঙ্গে আনোয়ার কমিশনারসহ স্থানীয় নেতৃবৃন্দের কথাকাটাকাটি হয়। এর জেরে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত