সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য আরও ২৩টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এগুলোসহ মোট ৫৩টি ভার্চুয়াল বেঞ্চে আগামী রবিবার থেকে দেওয়ানি, ফৌজদারি, রিট মোশনসহ বিভিন্ন মামলার বিচারকাজ পরিচালিত হবে। এর মধ্যে ৩৪টি দ্বৈত ও ১৯টি একক বেঞ্চে চলবে বিচারকাজ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি নির্দেশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।
দেশে করোনাভাইরাসের সংক্রম দ্বিতীয় দফায় বেড়ে যাওয়ার পর গত ৫ এপ্রিল থেকে উচ্চ ও বিচারিক আদালতের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এপ্রিলের শুরুতে সীমিত পরিসরে জরুরি মামলা নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। এরপর ২২ এপ্রিল আরও দুটি, ২৯ এপ্রিল আরও তিনটিসহ ৯টি বেঞ্চে বিচারকাজ হচ্ছিল। এরপর আরও কয়েক ধাপে বেঞ্চ বাড়ান প্রধান বিচারপতি। গত ১০ জুন নতুন আদেশের পর ৩০টি বেঞ্চে বিচারকাজ শুরু হয়। গতকাল এর সঙ্গে আরও ২৩টি বেঞ্চ যুক্ত হলো। এর আগে প্রধান বিচারপতির সিদ্ধান্তক্রমে গত ১ জুন থেকে সপ্তাহের সব কার্যদিবসে ভার্চুয়ালি আপিল বিভাগের বিচারকাজ হচ্ছে।
