অশালীন আচরণ করায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লার নামে সাধারণ ডায়েরি করেছে পুলিশ।
শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লার নামে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম ডায়েরি নোট করেন।
তিনি জানান, উপজেলার বারপাড়া গ্রামের এক কিশোরী নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ডায়েরির সূত্র ধরে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার সন্ধ্যায় কিশোরীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। রাতেই কিশোরীকে আমরা তার মায়ের কাছে দিতে চাই। কিন্তু জিংলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন ওই কিশোরীকে নিতে ফাঁড়িতে আসেন। আমরা চেয়ারম্যানের কাছে কিশোরীকে দিতে অপারগতা প্রকাশ করলে সে আমাদের সঙ্গে অশালীন আচরণ করেন। পরে আমরা চেয়ারম্যানের নামে সাধারণ ডায়েরি খাতায় নোট আকারে লিপিবদ্ধ করেছি।
চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা বলেন, বিষয়টি প্রেমঘটিত। মেয়েটি প্রাপ্ত বয়স্ক হওয়ায় সে তার মায়ের সাথে যেতে চায়নি। তখন মেয়েটিকে আমার জিম্মায় নিতে চেয়েছি।
