শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ‘জাতিকে মেরুদণ্ডহীন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘এই সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা। বিশ^বিদ্যালয় পরীক্ষা নেবে কিন্তু হল খুলবেন না, এর থেকে বড় ভুল হতে পারে?’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘শিক্ষক-কর্মচারী-অভিভাবক ফোরাম’ এ কর্মসূচির আয়োজন করে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সংসদে আজ পরীমণি নিয়ে আলোচনা হয় কিন্তু শিক্ষা নিয়ে একটা কথাও হয় না। এই লজ্জা আমরা কোথায় রাখি? এই ভুলের সংশোধন কীভাবে হবে? এই ভুলের সংশোধন তারা (সরকার) করবে না। বর্তমান সরকার বিনা ভোটের সরকার, ভোট ডাকাতির সরকার। এই সরকারের সব সিদ্ধান্ত ভুল হবে, এটায় স্বাভাবিক। আজ সবকিছু খোলা। বাজার খোলা, ব্যাংক খোলা, অফিস খোলা। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।’ তিনি আরও বলেন, ‘আগে গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা পেত। আমাদের আমলে ঢাকা মেডিকেল কলেজে মাত্র আটজন ঢাকা শহরের ছিলাম। বাকি সবাই গ্রাম থেকে এসেছিল। তারা আমাদের থেকে পরীক্ষায় ভালো করতেন। আজ সেই সুযোগ নেই।’
