সারা দেশে অধস্তন আদালতে শারীরিক উপস্থিতিতে নিয়মিত বিচার কার্যক্রম রবিবার থেকে ফের শুরু হচ্ছে। শনিবার রাতে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের প্রেক্ষিতে অধস্তন আদালতের নিয়মিত বিচার কার্যক্রম (অভিযোগ গঠনের শুনানি, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্কের শুনানি, রায়) বন্ধ হয়ে যায়।
তবে, সুপ্রিম কোর্টের নির্দেশে ভার্চুয়ালি জামিন শুনানি, জরুরি দেওয়ানি ও ফোজদারি দরখাস্তের শুনানি এবং পরে ফৌজদারি মামলার আসামিদের আত্মসমর্পণের শুনানি শুরু হয়।
বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু করা সংক্রান্ত নির্দেশিকায় আরো বলা হয়, স্থানীয় প্রশাসন কর্তৃক কোনো জেলা/ মহানগরে করোনাভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি নিষেধ জারি করা হলে সংশ্লিষ্ট জেলা ও মহানগরে দেওয়ানি ও ফৌজদারি আদালতে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি দরখাস্ত শুনানি করা যাবে।
এতে আরো বলা হয়, দেওয়ানি ও ফৌজদারি মামলায় যে ক্ষেত্রে আদালতে পক্ষগণের উপস্থিতির আবশ্যকতা নেই, সে ক্ষেত্রে পক্ষগণের পরিবর্তে সংশ্লিষ্ট আইনজীবী আদালতে হাজিরা দাখিল করবেন।
এ ছাড়া জামিন শুনানি এবং আমলি আদালতে ধার্য তারিখে হাজিরার জন্য কারাগারে থাকা অভিযুক্ত ব্যক্তিকে কারাগার থেকে প্রিজনভ্যানে বা অন্যকোনভাবে আদালত প্রাঙ্গণ বা এজলাসে হাজির করার আবশ্যিকতা নেই।
