ভারতে ক্ষতিপূরণ পাবে না করোনায় মৃতদের পরিবার

আপডেট : ২০ জুন ২০২১, ১১:২৬ পিএম

করোনাভাইরাসে মৃতদের প্রতি পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ভারত সরকার। একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, প্রতি পরিবারকে সাহায্য করার সামর্থ্য সরকারের নেই। শুধু করোনার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়ে অন্য রোগের ক্ষেত্রে না দেওয়া হলে তা অন্যায় হবে বলেও ব্যাখ্যা দেয় সরকার।

করোনায় মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থে একটি মামলা হয়। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য সময় চেয়ে নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

শনিবার কেন্দ্র ১৮৩ পাতার হলফনামায় জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্র যে মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে তাতে সবাইকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়।

বিপর্যয় মোকাবিলা আইনে উল্লেখ রয়েছে যে ক্ষতিপূরণ কেবল ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য। মহামারীর ব্যাপক আকারের কারণে এই আইন করোনাভাইরাসের ক্ষেত্রে প্রয়োগ করা ঠিক হবে না বলে দাবি করে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত