গোমতী নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি ও শ্রমিকদের ওপর হামলা বন্ধের দাবিতে ধর্মঘট পালন করেছে বাল্কহেড মালিক সমিতি। কুমিল্লার দাউদকান্দি উপজেলা এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা ভলগেট মালিক সমিতি গতকাল রবিবার সকাল থেকে মেঘনা-গোমতী সেতুর নিচে অবস্থান ধর্মঘট শুরু করে। পরে দুপুরে প্রতিবাদ সমাবেশ করেন মালিক ও শ্রমিকরা।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দাউদকান্দি বাল্কহেড মালিক সমিতির সভাপতি মেহেদী হাসান টিপু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, গজারিয়া ভলগেট মালিক সমিতির সভাপতি মাহবুব হোসেন মোল্লা, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেক মুন্সীসহ শতাধিক মালিক ও শ্রমিক।
শ্রমিকদের অভিযোগ, গোমতী নদীর দাউদকান্দির হাসনাবাদ, জিয়ারকান্দি ও চারপাড়া এলাকায় চিহ্নিত চাঁদাবাজরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছে। আগে ২০০ টাকা করে নিলেও এখন হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তারা মারধর করে মোবাইল ফোনসহ টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
