ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে অনিয়মের নানা তথ্য গণমাধ্যমে এসেছে বেশ কয়েকদিন ধরে। এবার অভিযোগ উঠেছে একই জেলার মধুখালী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে।
অভিযোগ উঠেছে, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মো. নাজমুল হোসেনকে করা হয়েছে মধুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
গত ১২ জুন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও ফাহিম আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে রবিন মোল্যা ও ইনজামামুল আলম অনিককে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মো. নাজমুল হোসেনকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়।
তবে মধুখালী উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রবিন মোল্যা বলেন, নাজমুল দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি করে আসছে। সেই হিসেবেই নাজমুল পদ পেয়েছে। নাজমুল ছাত্রদল করতো বিষয়টি আমাদেরও অনেকেই জানিয়েছে, তবে খোঁজ নিয়ে এর কোনো সত্যতা পাইনি।
মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক বলেন, তিন মাস আগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আগের সব কমিটি বাতিল হয়ে গেছে। গত ২০১৮ সালের উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে নাজমুল হোসেন যুগ্ম আহ্বায়ক ছিল ।
মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু বলেন, নাজমুল হোসেন ছাত্রদলের রাজনীতি করত বিষয়টি জানা নেই। তবে নাজমুল দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে তাকে দেখেছি।
এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, স্থানীয় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেই নাজমুল হোসেনকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে। নাজমুল দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকায় তাকে পদ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, নাজমুল হোসেন ছাত্রদল করতো এমন অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। অনেকেই সুযোগ বুঝে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে আমরা সেটাকে প্রতিরোধ করব।
রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর সাত্তার শেখ বলেন, নাজমুল হোসেনের বাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যয়নপত্র পেয়েই নাজমুলকে ছাত্রলীগের পদ দিতে আমি সুপারিশ করেছি।
মো. নাজমুল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনো ছাত্রদলের রাজনীতি করিনি। আমার পরিবার দীর্ঘদিন আওয়ামী রাজনীতিতে জড়িত। পারিবারিক কারণে ছোটবেলা থেকে আমিও ছাত্রলীগের রাজনীতি করে আসছি।
