বাসাবাড়ির ময়লা ডাম্পিংয়ে নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার টেন্ডার না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আবু বকর সিদ্দিক রুবেল (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেলের ছোট ভাই ওসমান গনি বাবু জানান, রুবেল কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ঠিকাদারির কাজ করতেন। গত কয়েক বছর ধরে উত্তর সিটি করপোরেশনের হয়ে বাসা থেকে ময়লা নামিয়ে ডাম্পিংয়ে নেওয়ার ঠিকাদারি কাজ করে আসছিলেন। এবার তিনি টেন্ডারে কাজ না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
ওসমান গনি আরও জানান, এবারও রুবেলের কাজ পাওয়ার কথা ছিল। কিন্তু চলতি মাসের ৯ তারিখে জানতে পারেন ময়লা নামানোর কাজ তিনি পাননি। এই টেন্ডার জোরপূর্বক এলাকার যুবলীগ ও ছাত্রলীগের নেতারা ছিনিয়ে নিয়ে গেছেন। তাদের অনেক অনুরোধ করার পরও কাজটি ফেরত দেননি। শুক্রাবাদ এলাকার একটি বাসায় স্ত্রী শ্রাবণীকে নিয়ে থাকতেন রুবেল। সকাল ৯টার দিকে রুবেল বাসায় ফ্যানের সঙ্গে নিজের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেন। দেখতে পেয়ে স্ত্রী শ্রাবণী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
নিহত রুবেলের বাড়ি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামে। বাবার নাম মৃত আব্দুল মালেক। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ আব্দুল খান গলায় ফাঁস দিয়ে রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।
