রাজশাহীতে কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়লো এক সপ্তাহ

আপডেট : ২৩ জুন ২০২১, ০৭:০৬ পিএম

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় রাজশাহীতে বিশেষ বিধিনিষেধের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ১৪ দিনের কঠোর লকডাউন শেষ হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় বুধবার বিকেলে সভা করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক আব্দুল জলিল সাংবাদিকদের সামনে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।

আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। 

জেলা প্রশাসক বলেন, রাজশাহী শহরে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় রাজশাহী জেলায় ১১ জুন থেকে লকডাউন চলছে। আমরা একে সর্বাত্বক লকডাউন বলে ঘোষণা করি। আমাদের গড় আক্রান্ত ২০ শতাংশের বেশি। কোনো কোনো দিন এটি ৩০ পর্যন্ত চলে যাচ্ছে। লকডাউন শুধু শহরে দিচ্ছি। এটি সিটি করপোরেশেনের এলাকায়। তবে মহানগর থেকে সব উপজেলায় যোগাযোগ বন্ধ রাখা হচ্ছে। কয়েকদিনে এটি কিছুটা শিথিল হয়েছিল। তবে বিধিনিষেধ আরো কঠোর হবে। বিনা কারণে কেউ আর শহরে আসতে পারবে না। আমাদের জেলা থেকে কোনো গাড়ি ঢাকায় যায় না। কোনো মার্কেট খোলা নেই।

জেলা প্রশাসক বলেন, লকডাউন চলাকালে কিস্তি আদায়ের জন্য এনজিওর পক্ষ থেকে জবরদস্তি করা যাবে না।

লকডাউন কার্যকরে ব্যবসায়ীদের সহযোগিতা চান জেলা প্রশাসক। 

ঈদের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। এরপর ১৬ জুন সেটি আরেক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়। বুধবার আরেক দফা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত