ঢাকা- ১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন নৌকার আগা খান

আপডেট : ২৩ জুন ২০২১, ১০:৪১ পিএম

জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আগা খান মিন্টু। এ আসনে আর ভোটের প্রয়োজন পড়বে না। বুধবার উক্ত নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল  দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি দেশ রূপান্তরকে  বলেন, ‘ ঢাকা-১৪ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। পরবর্তীতে আমরা গণবিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেব’।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল  অনুযায়ী একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল।  জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুর দিন হওয়ায় এই ভোট না করার দাবি তুলেছিলেন তার নিজ হাতের গড়া দল জাতীয় পার্টি। পরে ইসি ভোটের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই নতুন ভোটের তারিখ নির্ধারণ করেছিল।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে। এর মধ্যে কুমিল্লা-৫ আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী জসিম উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় আসনটিতে আর ভোট হচ্ছে না।

তবে ২৮ তারিখের উপনির্বাচনে ভোট হবে সিলেট-৩ আসনে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানের সঙ্গে লড়বেন জাতীয় পার্টি (লাঙ্গল) আতিকুর রহমান আতিক এবং স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত