নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২১, ১১:৫৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ফতুল্লার শাসনগাঁও কুতুব চেয়ারম্যানের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোনিয়া বরগুনার আমতলী থানার দক্ষিণ টেপুরা গ্রামের সোহরাব শিকদারের মেয়ে। স্বামী মো. রিমন চৌকিদারের (২৮) সঙ্গে ওই বাসায় ভাড়া থেকে এ দম্পতি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

এ ঘটনায় নিহতের খালু মো. আনোয়ার হোসেন সোহাগ (৩০) বাদী হয়ে গতকাল আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ রিমন চৌকিদারকে গ্রেপ্তার করে।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানানÑ চার বছর আগে পটুয়াখালীর কলাপাড়া থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত আজিজ চৌকিদারের ছেলে রিমন চৌকিদার সোনিয়া আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই। ছয় থেকে সাত মাস আগে রিমন অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ দেখা দেয়।

দুই মাস আগে রিমন একবার স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন। সে সময় স্থানীয় ও পারিবারিক সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। গত মঙ্গলবার রাতে এ সম্পর্ক নিয়েই তাদের মধ্যে ঝগড়া হয়। পরে উভয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় সোনিয়া ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ছাড়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার রিমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত