রাজশাহীতে ড্রেন নির্মাণের কাজ করার সময় দেয়াল ধসে দুখু বিশ্বাস (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় নির্মাণাধীন ড্রেনের পাশে দেয়াল ধসে পড়ে এ ঘটনা ঘটে। দুখু বিশ্বাস রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খয়রাকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, ওই এলাকায় একটি ড্রেন নির্মাণের কাজ চলছে। বুধবার শ্রমিকরা সেখানে কাজ করছিল। দুপুরের দিকে পাশের একটি প্রাচীর ভেঙে পড়ে। সেখানে তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, ড্রেনে কাজ করার সময় দেয়াল ধসে আহত দুখু বিশ্বাস নামে একজনকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
