রাজধানীর শাহজাহানপুর রেলগেটে মালবাহী ট্রেনে কাটা পড়ে ইলিয়াস আহমেদ কিরণ (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, গত দেড় বছর ধরে বেকার ছিলেন ইলিয়াস আহমেদ। চার সন্তান ও স্ত্রী নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এসব কারণে মানসিকভাবে বিপর্যস্তও ছিলেন। ফলে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।
ইলিয়াস আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. ইব্রাহিম খলিল জানান, গতকাল সকাল ১০টার দিকে শাহজাহানপুর পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে রেলগেটে কমলাপুরগামী একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়েন ইলিয়াস। এতে তার দুই পা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মাথায়ও আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ইলিয়াস আহমেদের ভগ্নিপতি মোস্তফা কামাল বলেন, ‘ইলিয়াসের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নরউত্তমপুর গ্রামে। তার বাবা মৃত গোলাম মুস্তফা। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ভাড়া থাকতেন। আগে সাইনবোর্ড ব্যানারের ব্যবসা করতেন তিনি। তবে গত এক-দেড় বছর ধরে তিনি ছিলেন বেকার। বেকারত্বের কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্তও ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হন ইলিয়াস। এর কিছুক্ষণ পরই তার দুর্ঘটনার খবর শুনতে পাই।’
