চন্দনাইশে পদ না পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীর তান্ডব

আপডেট : ২৬ জুন ২০২১, ১২:১৩ এএম

সদ্য ঘোষিত চন্দনাইশ উপজেলা ও পৌরসভা, দোহাজারী পৌরসভা এবং গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন পদবঞ্চিতরা। সেই সঙ্গে ২৪ ঘণ্টার আলটিমেটাম ও ঘোষিত কমিটি বাতিল করা হয় এবং তাৎক্ষণিক ১৯ জন পদত্যাগ করেছেন।

গতকাল শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চন্দনাইশ উপজেলার পুরাতন কলেজ গেট, মক্কা পেট্রলপাম্প, দোহাজারী ও কাঞ্চননগর এলাকায় সড়কে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পদবঞ্চিতদের দাবি, ঘোষিত কমিটিতে ইয়াবা কারবারি, প্রবাসী, অছাত্র ও বয়োজ্যেষ্ঠদের রাখা হয়েছে। তাই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহের পরিষদকে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে।

এদিকে পদবঞ্চিতদের সড়ক অবরোধের সময় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান, ওসি মো. নাসির উদ্দীন সরকার, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুবলীগ ও ছাত্রলীগ নেতা মুছা তছলিম, আজিজুর রহমান আরজুসহ অনেকে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের দাবিগুলো জেলা আওয়ামী লীগ, স্থানীয় এমপি, উপজেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের যৌথ সমন্বয়ে আলোচনার মাধ্যমে কমিটি বিলুপ্ত করে আবার গঠিত হবে বলে জানান হাবিবুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত