বাগেরহাটে কমেছে করোনা সংক্রমণের হার

আপডেট : ২৬ জুন ২০২১, ০১:০৮ পিএম

বাগেরহাটে করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার কমেছে। শুক্রবার ছুটির দিন থাকায় জেলার কোনো হাসপাতালে র‌্যাপিট অ্যান্টিজেন পরীক্ষা হয়নি। তবে বাগেরহাট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআরে পাঠানো নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৭৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণের হার ২০ দশমিক ৫৪ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ২৬ শতাংশ কম। একদিন আগে যা ছিল ৪৬ দশমিক ১৫ শতাংশ।

বাগেরহাটের সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলা থেকে আরটি পিসিআরে পাঠানো ১০টি নমুনা পরীক্ষায় ১০টিই নেগেটিভ এসেছে। মোংলায় সংক্রমণের হার শূন্যের ঘরে।

এর আগে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের পজিটিভ এসেছে (শুক্রবার ভোর ছয়টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত)। সেখানে সংক্রমণের হার ৬৪ দশমিক ৫১ শতাংশ।

এই নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৮৮১জন।

এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, শুক্রবার ছুটি থাকায় বাগেরহাটের কোনো হাসপাতালে র‌্যাপিট অ্যান্টিজেন টেস্ট হয়নি। তবে বাগেরহাটের বিভিন্ন হাসপাতালের সংগ্রহ করা ৭৩টি নমুনা খুলনার আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেই নমুনার মধ্যে ১৫ জন পজিটিভ হয়েছেন।

স্থানীয়ভাবে নমুনা পরীক্ষা না হওয়ায় ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণের হার ২০ শতাংশ। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা থেকে আরটি পিসিআরে পাঠানো ১০টি নমুনাই নেগেটিভ এসেছে। তাই এই ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমণের হার শূন্যের ঘরে। এর আগের ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমণের হার ছিল ৬৫ শতাংশ।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বগতি হওয়ায় স্থানীয়ভাবে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান ও বাস চলাচল বন্ধ রয়েছে।

বাগেরহাটের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া পুলিশের একাধিক দল টহল দিচ্ছে।  বিধিনিষেধের মধ্যেও কিছু মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে এসে ঘোরাঘুরি করছে। আমরা তাদের বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে দিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত