ফ্রান্সে পৌঁছে গেছে টিম ‘রেহানা মরিয়ম নূর’

আপডেট : ২৬ জুন ২০২১, ০২:৩৭ পিএম

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে ঠাঁই পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’ টিম পৌঁছে গেছে ফ্রান্সে।

বৃহস্পতিবার দিবাগত রাতে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া উড়োজাহাজে ছিলেন ছবির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, নাম চরিত্রের আজমেরী হক বাঁধনসহ টিমের ৭ সদস্য। সহপ্রযোজক রাজীব মহাজন পরে তাদের সঙ্গে যোগ দেবেন।

এরপর শুক্রবার তারা প্যারিসে পৌঁছান বলে জানান অভিনেত্রী বাঁধন। ফেইসবুক পোস্টে খবরটি দেন তিনি।

এর আগে একদম শেষ মুহূর্তে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পাসপোর্ট হাতে পান টিমের সদস্যরা। অনিশ্চিত পরিস্থিতির মাঝেই তারা আগে টিকিট কেটে রেখেছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা সাদ বলেন, ১৬ জুলাই ঊন সের্তেই রিগার্তে বিভাগের অ্যাওয়ার্ড ডিক্লারেশনের সময় বাংলাদেশ থেকে অডিয়েন্সে থাকবো আমরা ৮ জন। নার্ভাস থাকবে বাঁধন, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, কো প্রোডিউসার মহাজন, একজিকিউটিভ প্রোডিউসার বাবু আর রাইটার ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।

‘রেহানা মরিয়ম নূর’ বাংলাদেশ থেকে কানের অফিশিয়াল সিলেকশন পাওয়া প্রথম ছবি। নির্ধারিত বিভাগে আরও ৪৪টি ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে সাদের এ নির্মাণ।

৬ জুলাই শুরু হতে যাওয়া কান চলচ্চিত্র উৎসব শেষ হবে ১৭ জুলাই। তার পরদিনই ফ্রান্স ত্যাগ করবেন বাংলাদেশের কলাকুশলীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত