বগুড়ায় ট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৬ জুন ২০২১, ০৩:১৫ পিএম

বগুড়ার সদর উপজেলায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন কবির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক । 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরে স্থানীয়রা হুমায়নকে আহত অবস্থায় উদ্ধার করে বেসরকারি  টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শনিবার সকালে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় বগুড়ার দিকে আসা পিকআপভ্যানের সঙ্গে রংপুর দিকে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ চালক হুমায়ন মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়েছে। এছাড়াও ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত