মাদারীপুরের ডাসারের পশ্চিম শকিকর খাল থেকে কানন তালুকদার (৫৬) নামে গত বুধবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে হিরন্ময় তালুকদারকে (১৯) শনিবার রাতে গ্রেপ্তার করা হয়।
নিহত কানন তালুকদার একই এলাকার হরলাল তালুকদারের স্ত্রী।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন হিরন্ময়। হিরণ্ময় শশীকর শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ছেলে হিরণ্ময় তার মা কানন তালুকদারকে নিয়ে একটি ছোট নৌকায় ওঠেন। নৌকায় করে পাশের এলাকার সুবল কবিরাজের বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের। এরপর থেকে ছেলে ও মা দুজনই নিখোঁজ ছিলেন।
গতকাল দুপুরে পশ্চিম শশীকর এলাকার খালে কানন তালুকদারের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, কাননের দুই ছেলে ও দুই মেয়ে। তার স্বামী হরলাল তালুকদার শারীরিকভাবে অসুস্থ। হিরণ্ময় তাদের বড় ছেলে। অভাবের সংসারে ছেলেদের সঙ্গে মা-বাবার প্রায়ই ঝগড়া হতো।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, নৌকায় করে যাওয়ার পথে মা-ছেলের মধ্যে ঝগড়া হলে ছেলে মাকে খালের পানিতে চুবিয়ে মেরে ফেলেন। হিরণ্ময় পুলিশের কাছে মাকে হত্যার কথা স্বীকার করেছেন।
এ ঘটনার পর হিরণ্ময় একটি কলেজের পরিত্যক্ত ঘরে আত্মগোপনে ছিলেন।
