হিসাবরক্ষক-স্কুলশিক্ষক দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৮ জুন ২০২১, ১২:৫৩ এএম

প্রায় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হিসাবরক্ষণ কর্মকর্তা ও স্কুলশিক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল রবিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম ও তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আয়েশা খাতুনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন।

আশারাফুল আলম বর্তমানে রংপুরে কর্মরত এবং তার স্ত্রী রংপুর সদর উপজেলার রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার এজাহার সূত্রের বিবরণ দিয়ে দুদকের কৌঁসুলি আল-মুজাহিদ মিঠু জানান, প্রথম মামলার অভিযোগ, সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম তার কর্মজীবনের ১৯৮৯ থেকে ২০১৯ এই সময়কালের মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৩৬ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। দ্বিতীয় মামলায় আশরাফুল আলম ও তার স্ত্রী আয়েশা খাতুন যৌথভাবে কর্মজীবনের ১৯৯৫ থেকে ২০১৯ এই সময়কালের মধ্যে প্রায় ২১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে সত্যতা পাওয়া যায়। আসামিদের দখলে থাকা প্রায় দুই কোটি টাকার সম্পত্তির মধ্যে প্রায় অর্ধকোটি টাকার সম্পত্তি জ্ঞাত আয়বহির্ভূত। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত