মগবাজার বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি বিএনপির

আপডেট : ২৮ জুন ২০২১, ১১:৪৭ পিএম

রাজধানীর মগবাজার বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের দাবিও জানিয়েছে দলটি। 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, 'রাজধানীর মগবাজারে বিস্ফোরণে অন্তত ছয়জনের প্রাণহানি ও অনেক মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। বর্তমান সরকারের শাসনামলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, বিভিন্ন ধরণের বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি করপোরেশন এসবের পুনরাবৃত্তি রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং সবসময় উদাসীন থেকেছে।

তিনি বলেন, সব অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও সব তদন্তই ঢাকাবাসীকে হতাশ করেছে। এসব মর্মস্পর্শী ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে। জনগণের জানমাল রক্ষা করতে সরকারের এ ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে চরম বিপন্ন ও দিশেহারা করে তুলেছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাবে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থা এসব দুর্ঘটনা প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। 

ফখরুল বলেন, বিএনপি মগবাজারে বিস্ফোণের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছে এবং আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত