উপবৃত্তির ৩২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আপডেট : ২৯ জুন ২০২১, ০৬:২৫ পিএম

কুড়িগ্রামের উলিপুরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। উপবৃত্তির তালিকায় ওই প্রধান শিক্ষক মাহাবুবার রহমান, তার স্ত্রী, সন্তান ও দুই শ্যালক ভুয়া অভিভাবক সেজে প্রায় ৩২ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় সুবিধাবঞ্চিত এক শিক্ষার্থীর বাবা, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নে মাদারটারী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

অভিযোগকারি মোসলেম উদ্দিন জানান, ১৯৮৬ সাল থেকে উপজেলার মাদারটারী পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাহবুবার রহমান প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছর জানুয়ারিতে সরকার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির টাকা বরাদ্দ দিলে তিনি প্রকৃত ছাত্র-ছাত্রীদের অনেকের নাম বাদ দেন।

অভিযোগে জানা যায়, ওই প্রধান শিক্ষক নিজে তালিকার ৫৯ ক্রমিক নম্বর শিক্ষার্থীর চাচা ও ৯১, ১২৮, ১২৯, ১৬৯, ১৭৪, ২১৫ ক্রমিক নম্বর শিক্ষার্থীর বাবা, তার স্ত্রী সাবিনা বেগম ১০৪, ১৬৮, ২১২ নম্বর শিক্ষার্থীর মা, তার ছেলে সাদেকুল ১৩০ ও ১৩২ ক্রমিক নম্বরের শিক্ষার্থীর ভাই ও ৭ নম্বর ক্রমিকের শিক্ষার্থীর বাবা। এ ছাড়াও ওই প্রধান শিক্ষকের দুই শ্যালক মাইনুল ও মেহেদী ভূয়া ভাই, চাচা ও বাবা সেজে ১৭ শিক্ষার্থীর ৩১ হাজার ৮৫০ টাকা আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মাহাবুবার রহমানের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, আসলে বিষয়টা সেরকম না। সাক্ষাতে বললে বুঝতে পারবেন।

উপজেলা শিক্ষা অফিসার নাদিরুজ্জামান বলেন, মোসলেম উদ্দিন নামে এক অভিভাবক অভিযোগ করেছেন। এটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত