ইন্দোনেশিয়ার পরিস্থিতি বিপর্যয়ের দ্বারপ্রান্তে

আপডেট : ২৯ জুন ২০২১, ১০:৪৭ পিএম

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা ছড়াতে থাকায় ইন্দোনেশিয়ায় কভিড-১৯-এর বিস্তার ‘বিপর্যয়ের’ প্রান্তে আছে বলে সতর্ক করেছে রেড ক্রস। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির হাসপাতালগুলোও শিগগিরই তাদের সামর্থ্যরে শেষ পর্যায়ে পৌঁছে যাবে বলেও গতকাল মঙ্গলবার সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাটি।

সাম্প্রতিক দিনগুলোতে ২০ হাজারেরও বেশি রেকর্ড দৈনিক শনাক্তের কথা জানিয়েছে ইন্দোনেশিয়া।

রমজানের পর দেশটিতে সংক্রমণ বাড়তে শুরু করে আর করোনাভাইরাসের অতি সংক্রামক একটি ধরন আবির্ভূত হওয়ার পর সংক্রমণের নতুন ঢেউ শুরু হয়।

বিশ্বব্যাপী টিকার সরবরাহে আরও গতি আনার আহ্বান জানিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ইন্দোনেশিয়া প্রতিনিধিদলের প্রধান জান গেলফ্যান্ড বলেন, ‘প্রতিদিন আমরা দেখছি, এই ডেল্টা ধরন ইন্দোনেশিয়াকে কভিড-১৯ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।’

‘রেড জোন’ বলে ঘোষিত অনেকগুলো হাসপাতাল তাদের সামর্থ্যরে চেয়ে বেশি রোগী ভর্তি করার কথা জানিয়েছে। এগুলোর মধ্যে রাজধানী জাকার্তার হাসপাতালও আছে। রবিবার পর্যন্ত এসব হাসপাতালের আইসোলেশন বেড ৯৩ শতাংশ পর্যন্ত রোগীতে পূর্ণ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত