নিজেদের দেশের ভেতরে যেকোনো ড্রোন হামলা প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে ভারত।
জম্মু বিমানবন্দরের সামরিক স্থাপনায় জোড়া বিস্ফোরণের পর দেশটির পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়ার তোড়জোড় শুরু হয়েছে।
গত শনিবার দিবাগত রাতে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুজন সদস্য আহত হন। তবে তাদের আঘাত গুরুতর নয়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতের কোনো সেনা স্থাপনায় প্রথমবারের মতো মনুষ্যবিহীন উড়োজাহাজ বা ড্রোন থেকে হামলার ঘটনা এটি।
শক্র পক্ষের ড্রোনগুলো চিহ্নিত করতে ভারত রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেকটর, ইলেক্ট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা এবং রাডারের ব্যবহারের কথা ভাবছে।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উচ্চ-পর্যায়ের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘শক্র পক্ষের ড্রোনগুলোর প্রতিরোধে কী ব্যবস্থা ও প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, তা সুনির্দিষ্ট করেছে ভারত।’
মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা ও এর প্রতিরোধ-কৌশল নিয়ে বৈঠক হয়েছে। এতে অংশ নিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ।
