ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনাকালীন আবাসন ও পরিবহন ফি মওকুফ

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৫:৩৬ পিএম

করোনাভাইরাসের সংক্রমণের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তখন থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত পরিবহন ফি ও আবাসিক ফি মওকুফ হবে। ইতোমধ্যে যেসব শিক্ষার্থী আবাসন ও পরিবহন ফি পরিশোধ করেছে, তা সমন্বয় করা হবে।

জানা গেছে, সম্প্রতি একাডেমিক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অনেকে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণ করার সময় আবাসন ফি ও পরিবহন ফি জমা দেন।

শিক্ষার্থীরা জানান, এ সময় তাদের ১ হাজার ৮০ টাকা পরিবহন ফি এবং ১৪৪ থেকে ৬৫০ টাকা পর্যন্ত বার্ষিক আবাসন ফি দিতে হয়েছে।

এসব ফি আদায়কে ‘অমানবিক’ উল্লেখ করে তা প্রত্যাহার চেয়ে সম্প্রতি সমাবেশ করেছিল ছাত্রলীগ। এ ছাড়া গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সেনেট অধিবেশনেও ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকসুর সাবেক সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ দাবি তুলেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত