দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৭ টাকা। হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক এই দুই জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, তবে আগের তুলনায় বেশি। পাঁচ দিন আগে যে ইন্দোর জাতের পেঁয়াজ বন্দরে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩১ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও নাসিক জাতের পেঁয়াজ পাঁচ দিন পূর্বে ২৭ থেকে ২৯ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, লকডাউনকে ঘিরে দেশের বাজারে পেঁয়াজের একটা চাহিদা রয়েছে। এর ওপর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় ও বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কম হওয়ায় এবং শুক্রবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের কারণে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়ছে।
