আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা শিরোপা জিতেছিল ১৯৯৩ সালে। আন্তর্জাতিক ফুটবলে সেটিই আর্জেন্টিনার সবশেষ শিরোপা। এবারের কোপায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আলবেসেলেস্তেরা। আর্জেন্টিনাকে সেমিতে তোলার মূল কারিগর মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সঙ্গে ম্যাচে একটি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন দুটি। ওই গোলে কিংবদন্তি পেলের আরও কাছে গিয়েছেন মেসি। ৭৭ গোলে পেলের, মেসির ৭৬। আর এক গোল করলেই কালোমানিকের পাশে বসবেন। কিন্তু ব্যক্তিগত রেকর্ডের ভাবনা নয়, মেসির চিন্তায় এখন শুধুই শিরোপা। ইকুয়েডরের সঙ্গে ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি সব সময়ই বলেছি ব্যক্তিগত পুরস্কার সব সময় পরে। আমরা এখানে অন্য কিছুর জন্য এসেছি। আমাদের একটা লক্ষ্য আছে (শিরোপা জয়) এবং আমরা সেখানেই দৃষ্টি রাখছি।’
এবারের কোপায় এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা মেসি। ইকুয়েডরের সঙ্গে ম্যাচের প্রথম গোলটি করেন ডি পল। মেসির দেওয়া থ্রু ধরতে এগিয়ে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস। ইকুয়েডরের গোলকিপার বক্স থেকে বেরিয়ে এসে প্রথম দফায় বাঁচান দলকে। দৌড়ে গিয়ে বল ধরেন মেসি। এ সময় ইকুয়েডরের বক্সের ডানপ্রান্তে দাঁড়িয়ে থাকা ডি পলকে লো ক্রস করেন মেসি। গোল করেন পল। মেসির এভাবে খেলা ধরতে পারার ক্ষমতা দেখে বিস্মিত গঞ্জালেস। ‘প্রতিদিন মেসি আমাদের অবাক করেন। প্রতিদিন তিনি আরও শক্তিশালী হচ্ছেন এবং এটা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমাদের আনন্দ দেন তিনি, আত্মবিশ্বাস জোগান। আমাদের এ পথে থাকতে হবে এবং উপভোগ করতে হবে।’ মেসির অ্যাসিস্ট থেকে ইকুয়েডরের বিপক্ষে গোল করেন লাউতারো মার্তিনেজেও। তার কণ্ঠেও মেসি স্তুতি, কাপ জিততে মেসিকে সহায়তা করা ছাড়া বিকল্প দেখছেন না, ‘আমরা সবাই মেসির নেতৃত্ব অনুসরণ করছি। আমরা আবার দেখলাম কীভাবে সে তফাৎ করে দিল। আমরা সবাই তাকে সহায়তা করে যাব।’
