রাজধানীর সবুজবাগে মোবাইলে গেম খেলা নিয়ে বকা দেয়াতে অভিমানে গলায় ফাঁস দিয়ে উর্মি আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
রবিবার রাত সারে ৮টার দিকে সবুজবাগ উত্তর বাসাবোর টিনশেডের একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করে।
উর্মির মামা রাজিব হোসেন জানায়, সবুজবাগ উত্তর বাসাবোয় তাদের নিজেদের বাড়ি। উর্মি বাসাবো উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। দুই বোনের মধ্যে উর্মি ছিল বড়।
রাজিব আরও জানায়, উর্মি ঠিকমতো পড়াশোনা করত না। শুধু মোবাইল ফোন নিয়ে থাকত। এই কারণে উর্মির মা ঝর্না আক্তার বকবকি করে। অভিমানে উর্মি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে উর্মি ফ্যানের সাথে নিজের ওড়না দিয়ে ঝুলে আছে।
তিনি বলেন, পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। উর্মির বাবা আবুল হোসেনের রিকশার ব্যবসা আছে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি সবুজবাগ থানায় অবহিত করা হয়েছে।
