দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন আখাউড়ার নবাগত ইউএনও রুমানা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০৭:১২ পিএম

আখাউড়া উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব বুঝিয়ে বিদায় নিয়েছেন ইউএনও মো. নূর-এ আলম। সোমবার দুপুর ১২টায় নতুন উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণের পর নবাগত  উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার দায়িত্ব ও কর্তব্য পালনে সবার দোয়া ও সহযোগিতা চান।

নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার খাগদি গ্রামের সন্তান ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের রাজামারা গ্রামের শাহানুর আলমের স্ত্রী।

আখাউড়া উপজেলার নবনিযুক্ত  ইউএনও রুমানা আক্তার মাদারীপুর ডনোভান সরকারি বালিকা বিদ্যালয়  থেকে এসএসসি ও ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী ছিলেন তিনি। তিনি ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

নবাগত ইউএনও রুমানা আক্তার শিক্ষাজীবন শেষ করে বাংলাদেশ স্কাউটস এর এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ৩০তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষকতা করেন চট্টগ্রাম সরকারি কলেজ ও খুলনা সরকারি বিএল কলেজে। পরবর্তীতে ২০১৪ সালে ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের নিয়োগপ্রাপ্ত হয়ে বরিশাল জেলা কালেক্টর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তারপর ন্যস্ত হন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা ও সিদ্ধিরগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি পাওয়ার পর পুনরায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরর্ত ছিলেন।

তার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছরীন সফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা আক্তার, মৎস্য কর্মকর্তা রেজাউল করিম, খড়মপুর মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেম, বীর মুক্তিযোদ্ধা জামশেদ শাহ্, বাহার মালদার, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুনবী ভূঁইয়া, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন মামুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত