নির্দেশনা না মেনে দোকান খোলা রাখলে লাইসেন্স বাতিল: মেয়র আতিক

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০৭:২৫ পিএম

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখলে লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার সকালে রাজধানীর বিজয় সরণি এলাকায় সরেজমিনে পরিদর্শনকালে এ কথা বলেন ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, ‘বিজয় সরণি ফোয়ারাসহ ডিএনসিসি এলাকায় অবস্থিত সব ফোয়ারাকে দৃষ্টিনন্দন ও সচল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শপিংমল ও দোকানপাট মালিকদের সরকারি নির্দেশনাসহ প্রচলিত আইন ও বিধি যথাযথভাবে মেনে চলতে হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত আছে। বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে খাদ্য সহায়তাসহ যে কোনো জরুরি সেবা গ্রহণের জন্য ৩৩৩ নম্বর সচল আছে। যে কোনো অসহায় ও দুস্থ মানুষ ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা নিতে পারছেন।’

তিনি আরও বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস ব্যবহার করে যে কোনো নাগরিক অতি সহজেই এলাকার রাস্তা, মশক, সড়ক বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা এই আটটি বিষয়ে সরাসরি তার মতামত কিংবা অভিযোগ ডিএনসিসির কাছে তুলে ধরতে পারছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই সমস্যার সমাধানও পাচ্ছেন।

ডিএনসিসির মেয়র বলেন, নিজের পরিবারসহ শহর ও দেশকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

‘পরিচ্ছন্ন কর্মীদের সনাতন পদ্ধতিতে হাজিরা গ্রহণের পরিবর্তে আধুনিক বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হবে। ফলে, কেউ কর্মস্থলে উপস্থিত না হয়ে হাজিরা দিতে পারবেন না এবং দায়িত্বে অবহেলা করতে পারবেন না,’ বলেন মেয়র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত