করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ‘লকডাউনে’ দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গত রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছেন পুনাক নেতারা। ‘লকডাউনে’ প্রথমবারের মতো ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন পুনাক সভানেত্রী জীশান মির্জা।
গতকাল সোমবার পুনাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনাক সভানেত্রী অন্য নেতাদের সঙ্গে নিয়ে রবিবার রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর রাজারবাগ, শাজাহানপুর, কমলাপুর, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বাংলামোটরসহ বিভিন্ন স্থানে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন। বর্তমান সভানেত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক।
