কুমিল্লায় ভয়ংকর হয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সাতজনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০০ জনে।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের আঙিনায় স্থাপিত করোনা হাসপাতালেও প্রতিনিয়ত চাপ বাড়ছে রোগীদের। এরই মধ্যে সেখানে দেখা দিয়েছে শয্যা সংকট। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থান সংকুলান সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৭৩৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এই ২৪ ঘণ্টায় জেলায় ৩০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এই পর্যন্ত আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তের হার ছিল ৪১দশমিক ২ শতাংশ।
এর আগে সোমবার আক্রান্ত হয়েছিল ২৮২ জন। সেদিন মারা যায় চারজন। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ১ শতাংশ।
তিনি জানান, এই ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জেলায় আরও সাতজনের মৃত্যু হয়েছে করোনায়। মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরীর তিনজন, সদর দক্ষিণের একজন, বরুড়ার দুজন ও আদর্শ সদরের একজন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৩ জনের মধ্যে ১০৬ জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। বাকি ১৯৭ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৬২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৭ জন।
কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম বলেন, করোনা হাসপাতালে প্রতিনিয়ত করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের সংখ্যা বাড়ছে। হাসপাতালে করোনা রোগীদের ১৮টি আইসিইউ বেডসহ মোট বেড রয়েছে ১৩৬টি। এখন ভর্তি আছেন দেড় শতাধিক। রোগীদের চাপ সামলাতে আমাদের বেগ পেতে হচ্ছে।
