মগবাজারে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:৪০ পিএম

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে। এ ঘটনায় আহত হৃদয় ও কামাল নামে দুজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া সুভাষ চন্দ্র সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল। মগবাজারের ঘটনায় আহত হয়ে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি ছিলেন সুভাষ। চিকিৎসাধীন তার অবস্থার অবনতি হলে পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানে গত সোমবার রাতেই তার মৃত্যু হয়। মৃতদেহটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুভাষের স্বজনরা জানান, তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। পুরান ঢাকার ইসলামপুরে থাকতেন। ঘটনার সময় তিনি বাসের ভেতর ছিলেন।

গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এর আগে ১১ জন নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত