স্বর্ণযুগের পর্দা নামল: দিলীপের প্রয়াণে শোক অমিতাভের

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:৩০ পিএম

৯৮ বছর বয়সে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউড অভিনেতা দিলীপ কুমার। এ খবরে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রজগৎ। টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন।

তিনি লেখেন, চলচ্চিত্রের একটা প্রতিষ্ঠান চলে গেল। ভারতীয় সিনেমার ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবেন দিলীপ কুমার। তার পরিবারের প্রতি সমবেদনা। খোদা তাদের শক্তি দান করুন। তার আত্মার চিরশান্তি কামনা করি। গভীরভাবে শোকাহত।

অন্য এক টুইটে অমিতাভ লেখেন, স্বর্ণযুগের পর্দা নামল। আর জীবনে যা হবে না।

মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে মারা যান দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় ২৯ জুন সেখানে ভর্তি করা হয় তাকে। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীসজ অনেকেই। বুধবার বিকেল পাঁচটায় অভিনেতাকে সমাহিত করা হবে।

১৯২২ সালে পাকিস্তানের খাইবারে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিলেন মুহাম্মদ ইউসুফ খান। পরে বলিউড পা রাখেন দিলীপ কুমার নামে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই অভিনেতা প্রতিবেশী ছিলেন আরেক কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর। ছোটবেলা থেকেই দুজনের বন্ধুত্ব। বাবার সঙ্গে মতপার্থক্যের জেরে বাড়ি ছাড়েন দিলীপ কুমার। পরিচয় গোপন করে ক্যানটিন কন্ট্রাক্টরের কাজ করেন। পরে আর্মি ক্লাবে স্যান্ডউইচও বিক্রি করেন। এভাবেই ৫ হাজার রুপি জমিয়ে মুম্বাই চলে আসেন।

দিলীপ কুমারের বলিউডে প্রবেশ ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে। তবে নায়ক হিসেবে তাকে পরিচিতি দেয় ১৯৪৭ সালে মুক্তি পাওয়া ‘জুগনু’। তারপর থেকেই বলিউডে শুরু হয় দিলীপ কুমারের ‘নয়া দৌড়’। ‘মুঘল-এ-আজম’, ‘মধুমতী’ থেকে ‘ক্রান্তি’, ‘মশাল’, ‘কর্মা’, ‘সওদাগর’, ‘কিলা’ প্রায় পাঁচ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন কিংবদন্তি অভিনেতা। তিনিই প্রথম ছবি পিছু ১ লাখ টাকা করে পারিশ্রমিক নিতে শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত