দেশে এলএসডি ও ডিএমটির পর এবার উদ্ধার হলো নতুন মাদক ‘ম্যাজিক মাশরুম’। সেবন ও কারবারের সঙ্গে জড়িত থাকার দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলো নাগিব হাসান অর্ণব (২৫) ও তাইফুর রশিদ (২৩)। তাদের কাছ থেকে নতুন মাদক ‘ম্যাজিক মাশরুম’র পাঁচটি বারে ১২০টি সøাইস এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের দাবি, এটি সারা বিশ্বে ‘ম্যাজিক মাশরুম’ নামেই পরিচিত। এ মাদক কেক ও চকলেট মিক্স অবস্থায় সেবন করা হয়। পাউডার ক্যাপসুল হিসেবেও পাওয়া যায়। সেবনের পর মানসিক রোগ সাইকোসিস ছাড়াও অবিরাম হ্যালুসিনেশন হতে পারে।
