চার দিন অন্ধকারে থাকার পর মুচলেকা দিয়ে বিদ্যুতের সংযোগ পেয়েছে টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়। পরিষদের ৮৭ হাজার ৯০০ টাকা বিল বকেয়ার দায়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হাসানের মুচলেকা নেওয়ার পর সংযোগ দেয় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ।
টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালের মে মাস থেকে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদ কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করেনি।
এ পর্যন্ত ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৮৭ হাজার ৯৮৯ টাকা বিল বকেয়া রয়েছে। বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে এর আগে কয়েকবার চেয়ারম্যানের কাছে নোটিস পাঠানো হয়। এমনকি লোক পাঠিয়েও বর্তমান চেয়ারম্যান তোফায়েল হোসেনের কাছে বার্তা দিলেও ইউনিয়ন পরিষদ বিল পরিশোধ করেনি। প্রায় দুই বছর অতিবাহিত হওয়ার পর গত ২৭ জুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল এ ব্যাপারে বলেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়নি। আপনারা ভুল শুনেছেন। আপনারা চেক করে দেখুন বিদ্যুৎ লাইন ঠিকই আছে।’
টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম (অর্থ রাজস্ব) আসাদুজ্জামান অনুজ বলেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।
