যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

শাহজাদপুরে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ৫ গ্রাম

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:০১ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের রূপসী-ঘাটাবাড়ি সড়কের ঘাটাবাড়ি সেতুর পশ্চিম সড়কের ৬-৭ ফুট এলাকা গত বুধবার ভোররাতে বন্যার পানির চাপে ভেঙে গেছে। ফলে ওই এলাকার পাঁচ গ্রামের চার হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ সড়ক দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে। গ্রামগুলো হলো রূপসী, ঘাটাবাড়ি, জালালপুর, পাকুরতলা ও কুঠিরপাড়া।

এলাকাবাসী জানায়, দুই বছর আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ৩৬ লাখ টাকা ব্যয়ে ৩৮ ফুট দৈর্ঘ্য কংক্রিট সেতুটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের ফলে বর্ষার শুরুতেই সামান্য বন্যার পানির চাপে সেতুর পশ্চিম অংশের সড়ক ভেঙে গেছে। সেই সঙ্গে সেতুটির পশ্চিম-দক্ষিণ কোনা ৩ সেন্টিমিটার দেবে গেছে। এছাড়া পশ্চিম-উত্তর কোনার গাইড ওয়াল ভেঙে বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি নির্মাণে দুর্নীতি না হলে এ অবস্থা হতো না।

এ বিষয়ে জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মহির উদ্দিন বলেন, বন্যার পানির চাপে সড়কটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে বালুভর্তি জিওটেক্স বস্তা দিয়ে ডাম্পিং করা না হলে এ ভাঙনের পরিধি আরও বৃদ্ধি পেয়ে এলাকার বাড়িঘর বন্যার পানিতে ডুবে যাবে। তিনি আরও বলেন, এ সড়কটি ভেঙে যাওয়ায় এই এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আবদুল লতিফ জানান, বর্তমানে বন্যার পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত