ঢাকার কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজি করার সময় মনির (৩৫) নামে ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের এক সদস্যকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রোহিতপুর ইউনিয়নের লাখিরচর মেইল গেইট এলাকায় চাঁদাবাজি করার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় তার সঙ্গে সাংবাদিক পরিচয়দানকারী অপর দুজন দ্রুত পলায়ন করলে তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ব্যাবহার করা প্রাইভেট কার (ঢাকা মেট্রো ১৫-১৩৩৫) ও কিছু কাগজপত্র জব্দ করা হয়।
ভুক্তভোগী রিয়াজুল জানান, গতকাল এ চক্রটি তার ভাতের হোটেল হতে ৪০ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করে। তার নিকট টাকা না থাকায় তিনি ঋণ করে এ টাকা প্রতারকদের পরিশোধ করেন।
অপর ভুক্তভোগী তাইজুল ইসলামও জানিয়েছেন, তার মুদি দোকান হতে ২০ হাজার এবং অন্যান্য দোকানদারের কাছ থেকেও ২-৪ হাজার করে বহু টাকা আদায় করে। এ ছাড়া নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী, লাখিরচর ব্রিজ এলাকায়ও তারা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর কাছ থেকে খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল। তিনি প্রতারককে ধরে পুলিশে সোপর্দ করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সাধারণত স্থানীয় পুলিশ ও সরকারি লোকবল ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় না। পরবর্তী সময়ে আপনারা সাবধান থাকবেন এবং কোনো প্রকার সন্দেহ হলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন।’
