সিলেটে স্মরণসভায় বক্তারা

কূটনীতিতে হুমায়ূন রশীদ চৌধুরী ভূমিকা রেখেছিলেন

আপডেট : ১১ জুলাই ২০২১, ১১:৩৭ পিএম

জাতীয় সংসদের সাবেক স্পিকার, কূটনীতিক, হুমায়ূন রশীদ চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে হুমায়ূন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং ভার্চুয়াল মাধ্যমে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।    

গতকাল বিকেলে নগরের দরগাগেইটের একটি হোটেলে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন হুমায়ূন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, হুমায়ূন রশীদ স্মৃতি পরিষদ নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান।

স্মরণসভায় বক্তারা বলেন, হুমায়ূন রশীদ চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। দেশ গঠনে তার ভূমিকা অপরিসীম। দেশ স্বাধীন হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তিনি বিশেষ অবদান রেখেছেন। তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। বক্তারা বলেন, সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়নের গোড়াপত্তন করেছিলেন হুমায়ূন রশীদ চৌধুরী। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট অঞ্চলে তিনি যে ব্যাপক উন্নয়ন করেছেন তা সিলেটবাসী চিরদিন স্মরণ রাখবে। সভায় ভিডিওগ্রাফির মাধ্যমে হুমায়ূন রশীদ চৌধুরীর কর্মময় জীবন তুলে ধরা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত