ভারতের মুম্বাইয়ে এখন ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ছত্রাকে সংক্রমিত রোগীদের মধ্যে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণ থেকে প্রাণ বাঁচানোর জন্য সম্প্রতি বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশনের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা অন্তত ৪০ জন রোগীর একটি করে চোখ বাদ দিতে বাধ্য হয়েছেন। আর সাতজন রোগীর দুটি চোখই বাদ দিতে হয়েছে। এই সাতজন রোগীর শরীরে কালো ছত্রাক এতটাই ছড়িয়ে পড়েছিল যে তাদের প্রাণ বাঁচাতে দুটো চোখ বাদ দেওয়া ছাড়া চিকিৎসকদের আর কোনো উপায় ছিল না।
বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশনের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই মাসে কালো ছত্রাকে আক্রান্ত ১৬১ জন রোগী চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ১০২ জন রোগীর দুই চোখেই ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়েছিল।
