আস্তোরিকে শিরোপা উৎসর্গ করল ইউরোজয়ী ইতালি

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০২:০৩ পিএম

বেঁচে থাকলে হয়তো গিয়র্গিও কিয়েলিনি-লিওনার্দো বোনুচ্চিদের সঙ্গে শিরোপা উৎসব করতে পারতেন। এখনো হয়তো অজানা কোথাও বসে সাবেক সতীর্থদের ইউরোপ জয়ে আনন্দাশ্রু ফেলছেন দাভিদে আস্তোরি।

বাছাইপর্বের সাঁকো পেরোতে না পারায় গত বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয় ইতালিদের। আজ্জুরিদের সেই দুঃখের সঙ্গে সঙ্গী হয় আস্তোরির অকাল বিদায়।

২০১৮ সালের ৪ মার্চ লিগ ম্যাচের আগে হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় আস্তোরিকে। পরে ময়নাতদন্তে জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্টে-ই তার মৃত্যুর কারণ। মাত্র ৩১ বছর বয়সে আস্তোরির বিদায়ে ইতালি তো বটে, ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে আসে।

সিরি’আ লিগের ক্লাব ফিওরেন্তিনার অধিনায়ক ছিলেন তিনি। পেশাদারি ক্যারিয়ারটা শুরু করেছিলেন এসি মিলানে। এরপর কালিয়ারি হয়ে ধারে রোম ও ফিওরেন্তিনায়। পরে স্থায়ীভাবে ফ্লোরেন্সেই থিতু হয়েছিলেন।

ইতালির হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলার পর ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। ২০১৭ সালে অবসর নেওয়ার আগে আজ্জুরিদের হয়ে ১৪ ম্যাচে এক গোল করেন এই সেন্টার-ব্যাক।

তিন বছরের বেশি সময় ধরে আস্তোরি নেই। তবে তাকে মনে রেখেছেন সতীর্থরা। ইংল্যান্ড জয়ের পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা আস্তোরিকে উৎসর্গ করেছেন গিওর্গিও চিয়েলিনি।

ইতালিয়ান অধিনায়ক বলেন, ‘আমরা এই জয় উৎসর্গ করতে চায় দাভিদে আস্তোরিকে। আমরা যদি তাকে এখানে পেতাম, সে সব সময় আমাদের চেতনায় ও হৃদয়ে রয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত