সাতক্ষীরায় ব্রিজ থেকে ছুড়ে ফেলে এক নবজাতককে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এদিন ভোরে নবজাতককে কে বা কারা কুল্যা ব্রিজের নিচে ফেলে দেয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।
কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসেত আল হারুন চৌধুরী বলেন, ‘ভোরে ফজরের নামাজ শেষে মুুসল্লিরা ফেরার সময় শিশুর কান্না শুনে কুল্যা ব্রিজের নিচে বেতনা নদীর চরে একটি কন্যা নবজাতক দেখতে পান। খবর পেয়ে আমি নবজাতকটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাই।’
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অসীম কুমার সরকার জানান, নবজাতকটি কন্যাসন্তান। তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। ওপর থেকে ফেলে দেওয়ায় তার মাথা ফেটে যায়। নাকে কাদামাটি ঢুকে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নিবিড় চিকিৎসা চালিয়ে গেলেও শিশুটিকে বাঁচানো যায়নি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, শিশুটি দুপুর ২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক। যারা এই নবজাতককে হত্যা করল খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
