উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাহভকত মিরজাইয়েভের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক সংযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. মোমেন উজবেক প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভকামনা ও শুভেচ্ছা জানান।
এতে আন্তর্জাতিক, আঞ্চলিক বিষয়, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ এবং সম্ভাবনা বিষয়ে আলোচনা হয়।
এছাড়া দু’দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র, মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীরতর করার বিষয়ে আলোচনা হয়।
ড. মোমেন এ বছরের ডিসেম্বরে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণপত্র উজবেক প্রেসিডেন্টকে হস্তান্তর করেন।
উজবেক প্রেসিডেন্ট আনন্দের সঙ্গে এ পত্র গ্রহণ এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এ বছরের ডিসেম্বরে তার কর্মসূচি দেখে যত শিগগিরই সম্ভব বাংলাদেশ সফরের চেষ্টা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ এবং উজবেকিস্তানের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল ঢাকা-তাসখন্দের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে উল্লেখ করেন।
উজবেক প্রেসিডেন্ট সরাসরি যাত্রীবাহী বিমান চলাচলের বিষয়টি তারা পরীক্ষা করে দেখবেন বলে আশ্বস্ত করেন।
ড. মোমেন ঢাকায় দূতাবাস চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বৈঠকে উপস্থিত উজবেক পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।
