প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে দু’টি বাড়ি ধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলি এলাকায় দু’টি বাড়ি ভেঙে পড়ে বলে জানায় আনন্দবাজার।
চেম্বুরের ভরতনগর এলাকায় ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে সাতজনের মরদেহ পাওয়া গিয়েছে। আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিক্রোলিতে তিনজনের মরদেহ পাওয়া গিয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলিসহ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। আরও পাঁচ দিন মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
