কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ বেড স্থাপনে মেঘনা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল কর্তৃক পরিচালিত “আলহাজ্ব আয়েশা নূর ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ২০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
চেক হস্তান্তরকালে পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, “আলহাজ্ব আয়েশা নূর ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. গোলাম কিবরিয়ার কাছে হস্তান্তর করি। প্রিয় নেতা সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি’র সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম বাজার কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম প্রমুখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুল ইসলাম রানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
