নীলফামারীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ জন।
শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত) জেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি জুলাই মাসের ২৩ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
অপর দিকে এ সময়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৩০ জন। মৃত্যু ও শনাক্ত বিবেচনায় জুলাই মাসের সর্বোচ্চ সংখ্যা। অথচ মহামারির শুরু থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৩৫ জন আর শনাক্তের সংখ্যা ছিল এক হাজার ৮৪৯ জন।
নীলফামারীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, “২০২০ সালের ৭ এপ্রিল জেলার প্রথম করোনা রোগী শনাক্ত হয় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক। আর একই উপজেলায় ওই মাসের ২৬ এপ্রিল জেলায় প্রথম মৃত্যু হয় একজন করোনা আক্রান্ত রোগীর। এর পর থেকে পর্যায়ক্রমে বাড়তে থাকে জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।”
তিনি আরও জানান, “২০২০ সালের ৭ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ জন পর্যন্ত ১৫ মাসে জেলায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৪৯ জন আর মৃত্যুর সংখ্যা ৩৫ জন হলেও চলতি জুলাই মাসে আশঙ্কাজনক হারে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
চলতি মাসের এই ২৩ দিনে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ১৩০ জন। এ সময় মৃত্যুবরণ করেছেন ২৭ জন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।”
বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৫২৬ জন। এদের মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে আইসোলেশনে ৩৩ জন, সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে ১১ জন এবং ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন চিকিৎসা নিচ্ছেন। বাকি ৪৭৯ জন নিজ নিজ বাড়িতে আইশোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
