আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এ হামলার কথা জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার পথে। এর মাঝে
আফগানিস্তানের বহু এলাকা দখলে নিয়েছে তালেবান। বেশ কিছুদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষে নিহত হন কয়েকশ মানুষ। তালেবানের নিয়ন্ত্রণ ঠেকাতে এবার ফের হামলায় যুক্ত হলো যুক্তরাষ্ট্র।
আফগানিস্তানের সরকারি বাহিনীর বরাত দিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘গত কয়েক দিনে
আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে আমরা বিমান হামলা চালিয়েছি।’ এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এ হামলার বৈধতা দিয়েছেন। আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এরকম হামলা অব্যাহত থাকবে। হামলার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও আফগান সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে।
