কক্সবাজারের মহেশখালী উপজেলায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। গতকাল শনিবার উপজেলার মাতারবাড়ি সাইটপাড়া, দক্ষিণ রাজঘাট, উত্তর রাজঘাট, জালিয়াপাড়া, সাইরারডেইলসহ আশপাশের এলাকায় সরেজমিনে ঘুরে এমন চিত্র চোখে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, গতকালের ভারী বৃষ্টিপাত ও পূর্ণিমার জোয়ারের কারণে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাশে সøুইচ গেট বন্ধের কারণে পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা করেও কোনো সুফল পাননি তারা। পাশাপাশি রাতে পূর্ণিমার জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে লোকালয়ে পানি ঢুকে ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা এলাকাবাসীর।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাফুজুর রহমান জানান, পূর্ণিমার জোয়ারের কারণে মাতারবাড়ির বেড়িবাঁধের ভাঙা কিছু অংশ দিয়ে পানি ঢুকেছে। সেসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
